উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
র্যাব বিলুপ্ত করে তার জনবল দিয়েই ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) গঠন করাকে নতুন মোড়কে র্যাবকে ফিরিয়ে আনার প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এসআরবি আইন, ২০২৬ বিল উত্থাপনের সময় তিনি এর তীব্র বিরোধিতা করেন।
নাহিদ ইসলাম বলেন, র্যাব বিগত ফ্যাসিবাদী আমলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও আয়নাঘরের মতো ঘটনার সঙ্গে জড়িত ছিল, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ। তিনি স্মরণ করিয়ে দেন যে, বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলগুলোর প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে র্যাব বিলুপ্ত করার, কিন্তু বর্তমান সরকার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে নতুন নামে একই প্রতিষ্ঠান আনছে।
তিনি আরও বলেন, সামরিক বাহিনী ও পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিপীড়ন চালানো হয়েছে, যার ক্ষতচিহ্ন এখনো বিদ্যমান। কোনো বিশেষায়িত ইউনিট গঠনের প্রয়োজন থাকলে তা সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে হওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।