উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় এক ব্যবসায়ীর পরিবারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মাকসুদুর রহমানের স্ত্রী মাহফুজা খানম রুনা গত বৃহস্পতিবার বায়েজিদ বোস্তামী থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ৩১ আগস্ট থেকে বিভিন্ন নম্বর থেকে ফোন করে নিজেকে বড় সাজ্জাদ ও ডেভিড ইমনের লোক পরিচয় দিয়ে চাঁদা চাওয়া হয়। টাকা না দিলে ব্যবসায়ীর ছেলে-মেয়েকে তুলে নেওয়া এবং পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। এমনকি ব্যবসায়ীর হাফেজ ছেলের ছবি পাঠিয়ে তাদের নজরদারিতে রাখা হয়েছে বলেও জানানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রামে ১৫ থেকে ১৮টি মামলা রয়েছে এবং বড় সাজ্জাদ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল রিয়াদ জানান, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের জন্য আদালতের অনুমতি চাওয়া হবে।