উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুরের ই-১, ইস্টার্ন হাউজিং এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে একটি নামবিহীন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর এক বিশেষ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।
বিএসটিআই জানায়, কোনো প্রকার লাইসেন্স বা মান সনদ ছাড়াই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মিষ্টি, রসগোল্লা ও সন্দেশ তৈরি করে আসছিল। উৎপাদিত এসব মিষ্টি বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার, নেভি মুসলিম সুইটস, রসের হাড়ি এবং কালশীর মোড়ের বিভিন্ন দোকানে সরবরাহ করা হতো।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এপিবিএন-১১-এর সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারায় তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
প্রতিষ্ঠানটিকে দ্রুত পরিবেশের মানোন্নয়ন এবং প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধন সনদ সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।