উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ কমাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে নগরীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার চসিকের ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করার পাশাপাশি লার্ভা নিধনে ওষুধ প্রয়োগ করা হয়েছে।
অভিযানকালে মশার প্রজননস্থল তৈরির দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ভ্রাম্যমাণ আদালত। চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানানো হয়।
নগরবাসীকে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব ও নির্মাণাধীন ভবনে পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়েছে চসিক। ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধারাবাহিক এই কার্যক্রমের মাধ্যমে মশাবাহিত রোগের ঝুঁকি কমিয়ে একটি নিরাপদ নগরী গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ।