উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ জন শিশু, যা মোট নিখোঁজের প্রায় ১৩ শতাংশ।
বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন এক বার্তায় এসব তথ্য জানান। তিনি বলেন, অনলাইন জিডি সুবিধা চালুর ফলে নিখোঁজ সংক্রান্ত ডায়েরির সংখ্যা বেড়েছে। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালে এ সংক্রান্ত ২২ হাজার ৫৫০টি জিডি হয়েছে।
যাচাইয়ে দেখা গেছে, শূন্য থেকে নয় বছর বয়সী শিশুদের নিখোঁজের ৪৭৪টি ঘটনার মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ১০ থেকে ১৭ বছর বয়সী ১৫ হাজার ২৪৩ জন নিখোঁজের মধ্যে ১৩ হাজার ২৭৩ জন ফিরে এসেছে। সব মিলিয়ে নিখোঁজ শিশুদের ৮৭ শতাংশই উদ্ধার হয়েছে।
পুলিশ জানায়, ছোট শিশুরা সাধারণত পথ ভুলে বা ঠিকানা বলতে না পেরে নিখোঁজ হয়। তবে ১০ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে পারিবারিক অভিমান, পড়াশোনার চাপ, স্বাধীনভাবে থাকার ইচ্ছা, পারিবারিক কলহ ও বন্ধুদের প্রভাবসহ বিভিন্ন কারণ দায়ী বলে পুলিশ সদরদপ্তরের বার্তায় জানানো হয়েছে।