উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে হৃদ্রোগের চিকিৎসাধীন থাকার পর প্রথমবারের মতো জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে যোগ দিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে হুইল চেয়ারে বসে নিজের বক্তব্য দেন এই প্রবীণ রাজনীতিবিদ। ২০০৬ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে সংসদে ফিরে কান্নাজড়িত কণ্ঠে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।
বক্তব্যের শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মির্জা আব্বাস বলেন, নির্বাচনের পরপরই দলীয় রাজনৈতিক সভায় অংশ নেওয়ার সময় তিনি স্ট্রোক আক্রান্ত হন এবং সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা সম্পূর্ণ না হলেও এবং শরীর পুরোপুরি সুস্থ না থাকা সত্ত্বেও নিছক ভালোবাসা ও জনগণের প্রতি মানবিক দায়বদ্ধতার কারণে তিনি আজকের সংসদে উপস্থিত হয়েছেন।
অসুস্থতার দিনগুলোতে খোঁজখবর নেওয়ায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং ডেপুটি স্পিকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বক্তব্যের শেষভাগে তিনি সহকর্মী সংসদ সদস্য, রাজনৈতিক সহযোদ্ধা এবং দেশবাসীর প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মানুষের সেবায় এবং প্রিয় বাংলাদেশের সমৃদ্ধির স্বার্থে কাজ করতে তিনি ফিরে এসেছেন এবং দলমত নির্বিশেষে সকলের দোয়া কামনা করেন। রাজনীতি কেবল দলীয় সংঘাত নয়, বরং মানুষের সেবা করার মাধ্যম বলে তিনি উল্লেখ করেন।