উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর সবুজবাগে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত স্ত্রী রেহেনা আক্তার (৪০) নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আত্মসমর্পণ করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নন্দীপাড়া বড় মসজিদ থেকে রেহেনা আক্তার ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি কলটেকার কনস্টেবল আরিফ হোসেনকে জানান যে, আগের দিন রাতে তার স্বামী মাহফুজুর রহমানকে (৪০) ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে সবুজবাগ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহ এবং অন্য নারীদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকার ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। বর্তমানে এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।