উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে মোট প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের তুলনায় এই অংক ৫ হাজার ২৬০ দশমিক ৫৮ মিলিয়ন ডলার বেশি। বৃহস্পতিবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে এই তথ্য জানানো হয়।
সংসদে উপস্থাপিত তথ্যানুযায়ী, আলোচ্য অর্থবছরে একক দেশ হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার। এর আগের অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। তবে ২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স কমে দাঁড়িয়েছে ৩ হাজার ১৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারে, যা এখন পঞ্চম স্থানে রয়েছে।
প্রতিমন্ত্রী নুরুল হক আরও জানান যে, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স এসেছে ৫ হাজার ৭১ দশমিক ৯৯ মিলিয়ন ডলার। এছাড়া একই সময়ে মালয়েশিয়া থেকে রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪০৩ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার।