উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি. এম. নজরুল ইসলামের লিখিত প্রশ্ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্নটি উত্থাপনের জন্য তার নাম ডাকেন।
তবে মাইক্রোফোনে নাম ডাকার পর স্পিকার দেখতে পান সংসদ সদস্য নজরুল ইসলাম তার আসনে উপস্থিত নেই। ঠিক সে মুহূর্তে স্পিকার হাস্যরসাত্মক কণ্ঠে বলে ওঠেন, ‘জি এম তো নাই’, যা শুনে পুরো সংসদ কক্ষে হালকা হাসির সৃষ্টি হয় এবং উপস্থিত অন্য সংসদ সদস্যরাও হেসে ওঠেন।
নিয়ম অনুযায়ী সংসদ সদস্য উপস্থিত না থাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর উদ্দেশ্যে করা তার মূল প্রশ্নটি আর উত্থাপিত ও আলোচিত হয়নি। তার অনুপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর লিখিত জবাব থেকে জানা যায়, দেশে বর্তমানে ১টি শ্রম আপিল ট্রাইব্যুনাল ও ১৪টি শ্রম আদালতসহ মোট ১৫টি শ্রম আদালত কার্যকর রয়েছে।