উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের হালিশহরে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে স্থানান্তরের সময় ১১ টন রাসায়নিক সার জব্দ করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় জড়িত সন্দেহে তিন পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, বুধবার ভোর ৪টার দিকে হালিশহর থানার দবিরখাল এলাকায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন মিয়ানমারে পাচার করার জন্য একটি ট্রাক থেকে ফিশিং বোটে সারগুলো তোলার কাজ চলছিল।
সে সময় প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২০ বস্তা অর্থাৎ ১১ হাজার কেজি রাসায়নিক সার জব্দ করা হয়। সার জব্দের পাশাপাশি পাচারকাজে ব্যবহার হওয়া একটি ট্রাকও জব্দ করা হয়েছে এবং তিনজনকে আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সার, ট্রাক এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।