উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে স্কুল শিক্ষিকা রনজিলা পারভীন নিহতের ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলের সঙ্গে র্যাবের উদ্ধার করা বাইকের মিল না থাকায় প্রকৃত অপরাধী শনাক্তে ধোঁয়াশা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার দুই ব্যক্তির মধ্যে প্রকৃত অপরাধী কে তা এখনো নিশ্চিত নয়। তদন্ত চলমান থাকায় এখনই নির্দিষ্ট করে কাউকে মূল অপরাধী বলা সম্ভব হচ্ছে না।
পুলিশ জানায়, র্যাব যে দুজনকে গ্রেফতার করেছে তাদের একজনের বিরুদ্ধে আগে থেকেই ১২টি ছিনতাই মামলা রয়েছে। তবে সিসিটিভি ফুটেজের মোটরসাইকেলের সাথে উদ্ধারকৃত মোটরসাইকেলের অমিল থাকায় বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে। প্রকৃত অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে ডিবি কাজ করছে।
সংসদ ভবনের মতো স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের অবহেলার বিষয়ে প্রশ্ন করা হলে শফিকুল ইসলাম বলেন, তদন্ত শেষ হওয়ার আগে অবহেলার বিষয়টি বলা যাবে না। তবে কোথাও দায়িত্ব পালনে ঘাটতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।