উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের রাষ্ট্র সংবর্ধনা দিলেও বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করা কোরআনের হাফেজদের জন্য এ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
এর আগে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি হাফেজদের নিজের পক্ষ থেকে সংবর্ধনা দেন শফিকুর রহমান। তিনি বলেন, কওমি শিক্ষা ও হিফজের সঙ্গে যুক্তদের প্রতি সরকারের কোনো কমিটমেন্ট ও ডেলিভারি নেই, যা একটি পরিষ্কার বৈষম্য।
এ বছর মক্কায় বিশ্ব তাহফিজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে চারজন প্রতিযোগী অংশ নিয়ে চারজনই বিজয়ী হয়েছেন উল্লেখ করে জামায়াতের আমির তাঁদের শুধু সংবর্ধনা নয়, রাষ্ট্রীয়ভাবে আরও সম্মানিত করার আহ্বান জানান। বিরোধী দলের লংমার্চ প্রিম্যাচিউর হচ্ছে বলে সরকারি দলের এমপিদের বক্তব্যের জবাবে তিনি বলেন, কাঙ্ক্ষিত সমাজ দেখতে না পেয়ে জনগণের নৈতিক দায়িত্ব থেকেই তাঁরা এই কর্মসূচি পালন করছেন।
রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আবদুল কাইয়ুম মোল্লা জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়া চারজনের মধ্যে একজন প্রথম ও তিনজন তৃতীয় হয়ে আড়াই কোটি টাকার পুরস্কার জিতলেও রাষ্ট্রের কাছ থেকে কোনো সম্মাননা পাননি। বিশ্বসেরা প্রতিযোগিতায় বিজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানান তিনি।
প্রতিযোগিতায় প্রথম হওয়া মাদ্রাসার শিক্ষার্থী নূর উদ্দিন জাকারিয়া তাঁদের সম্মান জানানোর জন্য বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃতীয় স্থান অধিকারী রাবেতা বিনতে রমজানসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা ও মাদ্রাসার শিক্ষকেরা।