উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশি পিস্তল, ওয়াকিটকি ও হ্যান্ডকাফসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এই তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে নয়টার দিকে বনানী থানার ৪ নম্বর সড়কে একটি সংঘবদ্ধ ডাকাত দলের প্রস্তুতির খবর পাওয়া যায়।
এরপর ডিবির ৪৫ সদস্যের একটি দল ওই এলাকায় অবস্থান নেয় এবং ৪ নম্বর সড়কের খায়ের প্যালেসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ম্যাগাজিন, পুলিশের মনোগ্রামযুক্ত হ্যান্ডকাফ, স্কচটেপ, র্যাবের আইডি কার্ড, শপিং ব্যাগ ও একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বনানী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা কোনো অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না এবং অস্ত্রের উৎস কোথায়, তা খতিয়ে দেখা হচ্ছে।