উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে পাঠানো ফিশিং লিংকে ক্লিক করতেই মোবাইল ফোনের নিয়ন্ত্রণ হারান এক ভুক্তভোগী। কিছুক্ষণ পর ফোনের নিয়ন্ত্রণ ফিরে পেলেও ততোক্ষণে তার ব্যাংক হিসাব থেকে ৯ লাখ ৮৬ টাকা বিভিন্ন অ্যাকাউন্ট ও মোবাইল ফাইন্যান্সিয়াল সেবায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় গত ৪ জুন পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হলে সিআইডির সাইবার পুলিশ সেন্টার তা তদন্ত শুরু করে।
তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাতে রংপুরে পৃথক অভিযান চালিয়ে শাহীদ আল ইমরান সৌরভ ও মো. সাগর হোসেন নামের দুই প্রতারককে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তারের সময় শাহীদের কাছ থেকে তিনটি চেক বই, দুটি ব্যাংক কার্ড ও দুটি ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর জানান যে তিনি ফেসবুক ও টেলিগ্রামের মাধ্যমে আন্তর্জাতিক প্রতারক চক্রের সঙ্গে যুক্ত থেকে ব্যাংক হিসাব নিয়ন্ত্রণ ও অর্থ পাচারের কাজ করতেন।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, চক্রটির দেশি-বিদেশি অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে অপরিচিত বা সন্দেহজনক লিংকে প্রবেশ না করতে এবং প্রলোভনে পা না দিতে ডিজিটাল সেবা ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিআইডি।