উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে সাদপন্থিদের সঙ্গে আলোচনা শেষে তিনি এই কথা জানান। সমস্ত ব্যারোমিটার বা সূচক অনুযায়ী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
২০২৫ সালের তুলনায় বর্তমানে খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র মামলা ও নারী নির্যাতনের মতো প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পুলিশ সদর দপ্তর এবং জেলা পর্যায় থেকে সংগৃহীত সমন্বিত তথ্যের ভিত্তিতে দেশের অপরাধচিত্র আগের চেয়ে অনেক নিয়ন্ত্রণে রয়েছে। যদিও জনগণের প্রত্যাশা অনুযায়ী শতভাগ উন্নয়ন নিশ্চিত করতে আরও কিছু সময়ের প্রয়োজন বলে তিনি জানান।
সম্প্রতি ছিনতাইয়ের কবলে পড়ে এক শিক্ষিকার মৃত্যুর মর্মান্তিক ঘটনার বিষয়ে পুলিশের দ্রুত তৎপরতার উদাহরণ দেন মন্ত্রী। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে। পরবর্তীতে ডিবি অভিযান চালিয়ে আরও কয়েকজন আসামিকে গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল জব্দ করেছে।
পুলিশ বাহিনীর ভেতরে থেকে যারা এখনও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অসহযোগিতা করছেন, তাদের চিহ্নিত করতে বিশেষ তদারকি চলছে। প্রতিটি বাহিনীতেই নিজস্ব ইন্টারনাল ইন্টেলিজেন্স বা অভ্যন্তরীণ গোয়েন্দা নজরদারি সক্রিয় রয়েছে। জনগণের কাছে এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য থাকলে, তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।