উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর চূড়ান্ত পর্বে লড়ছেন বাংলাদেশের মোহাম্মদ আলী চৌধুরী। ফ্রান্সে বসবাসরত এই অভিবাসী ও শেফ বিশ্বের মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করছেন।
প্রতিযোগিতার দ্বিতীয় আসরটি ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্যারিসের কনকর্ড এলাকায় আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, পাঁচ মহাদেশের প্রতিযোগীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে জায়গা পেয়েছেন ১৮ জন শেফ।
প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশের মোহাম্মদ আলী চৌধুরীর লড়াই অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ওই সময় তিনি বাংলাদেশের পতাকা হাতে আন্তর্জাতিক বিচারকদের সামনে নিজের রান্নার দক্ষতা, সৃজনশীলতা ও উপস্থাপন তুলে ধরবেন।
চূড়ান্ত পর্যায়ের ১৮ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশ একমাত্র দক্ষিণ এশীয় প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের পাশাপাশি ফ্রান্স, ক্যামেরুন, মেক্সিকো, বুলগেরিয়া, টোগো, জার্মানি, ব্রাজিল ও বেলজিয়ামের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।