উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষ্যে আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শোভাযাত্রা চলাকালীন নগরবাসীকে পুলিশের বিশেষ নির্দেশনা মেনে চলতে হবে।
শোভাযাত্রার নির্ধারিত রুট হলো ঢাকেশ্বরী মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ডিএসসিসি ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায় সাহেব বাজার হয়ে বাহাদুর শাহ পার্ক।
ডিএমপি নির্দেশনায় জানিয়েছে, শোভাযাত্রার রুটে কোনো যানবাহন পার্কিং করা যাবে না এবং উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানো যাবে না। অংশগ্রহণকারীদের শুরুতেই মিছিলে যোগ দিতে হবে; মাঝপথে কাউকে ঢুকতে দেওয়া হবে না।
নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, দাহ্য পদার্থ, ছুরি, কাঁচি ও দিয়াশলাইয়ের মতো বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া শোভাযাত্রা চলাকালীন রুটে ফলমূল ছোড়া বা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিক পুলিশকে জানাতে বলা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে এবং নির্বিঘ্নে উৎসব উদযাপনে ডিএমপি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা ও বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।