উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ১৫ সেপ্টেম্বরের পর দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে মানুষের কষ্টের জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গত ২১ জুলাই ক্ষতিগ্রস্ত একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) ১৫ আগস্ট ঠিক হলেও সরবরাহ ব্যবস্থা এখনো পুরোপুরি স্বাভাবিক করা যায়নি। আমদানি কার্গো গুলোর সময় পুনর্বিন্যাস করতে হওয়ায় এখন পর্যন্ত ৮৮ শতাংশ সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি ১২ শতাংশ খুব দ্রুত ঠিক হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রয়েছে এবং রামপালের একটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চলছে না। বঙ্গোপসাগর অশান্ত থাকায় লাইটারেজ করে কয়লা মোংলাতে আনতে সমস্যা হচ্ছে, যা আবহাওয়া ভালো হলে সমাধান হবে। পায়রা ও রামপাল কেন্দ্র পূর্ণ সক্ষমতায় ফিরলে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে শিল্প ও গৃহস্থালি গ্রাহকদের ভোগান্তি কমবে। জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতির অগ্রগতির কথা জানান।