উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ অবৈধ সোনা জব্দ করার কথা জানিয়েছে ঢাকা কাস্টমস হাউজ। বুধবার রাতে মালিকহীন অবস্থায় ৮০টি সোনার বারের ওই চালানটি জব্দ করা হয় বলে সংস্থার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা জানতে পারেন, শাহজালাল বিমানবন্দরে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে সোনা চোরাচালান হচ্ছে। তৎক্ষণাৎ তারা বিমানে তল্লাশি চালাতে গিয়ে যানটিকে যাত্রীবিহীন অবস্থায় পান এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে উড়োজাহাজটিতে তল্লাশি চালান।
তল্লাশিতে উড়োজাহাজটির ১৯-এ সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায় যা কাস্টমস হলে এনে খোলা হয়। সেখানে মোট ৮০টি সোনার বার পাওয়া যায় এবং প্রতিটি সোনার বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম হওয়ায় সবমিলিয়ে বারগুলোর ওজন দাঁড়ায় ৯ হাজার ৩৩১ গ্রাম।
জব্দ করা এসব সোনার বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা এবং এগুলো বর্তমানে বিমানবন্দর কাস্টমসের গুদামে জমা রয়েছে। এই সোনাগুলো বাংলাদেশ ব্যাংকে জমাদানের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে।