উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দক্ষিণ আফ্রিকা এ দলের ৫১২ রানের বিশাল সংগ্রহের জবাবে ম্যাচ বাঁচানোর কঠিন লড়াইয়ে ব্যাট হাতে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশ এ দলের অধিনায়ক তাওহিদ হৃদয়। শেষ দিনে প্রোটিয়া বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে দেশের বাইরে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছেন তিনি। ৪৫০ বলে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেন এই মিডল অর্ডার ব্যাটার। বাংলাদেশের ঘরোয়া ও আন্তর্জাতিক প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে এটি মাত্র তৃতীয় ট্রিপল সেঞ্চুরির ঘটনা।
এর আগের দিনই তিনি তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক। হৃদয়ের এই ঐতিহাসিক ইনিংসটির ভিত গড়ে ওঠে জাকের আলীর সঙ্গে গঠিত ১৫১ রানের জুটিতে। মাত্র ৬ রানের আক্ষেপ নিয়ে জাকের ১৬৮ বলে ৯৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর ষষ্ঠ উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে আরও ১৮৫ রান যোগ করেন হৃদয়। সাইফউদ্দিন ১৭১ বলে ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে লেসেগো সেনোকওয়ানের ১১১ ও সিনেথেম্বা কেশিলের ১২৮ রানে ভর করে ৫১২ রানের পর্বতপ্রমাণ স্কোর গড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ দল। এছাড়া ৯৭ রান করেন গ্যাভিন কাপলান। তৃতীয় দিন শেষে বাংলাদেশ এ দলের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৭১ রান। চতুর্থ ও শেষ দিনে হৃদয়ের দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুধু দল বিপদমুক্তই হয়নি, বিদেশের মাটিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যোগ হলো এক সোনালী অধ্যায়।