উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং খালেদা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর চট্টগ্রামে মোট ২ হাজার ১৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু আগস্ট মাসেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন, যা মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৮৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আক্রান্তদের মধ্যে নগরের ৯৩৬ জন, জেলার ৯৫৫ জন এবং চট্টগ্রামের বাইরের ২৯৫ জন রয়েছেন। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে পুরুষ ১ হাজার ১৫১ জন, নারী ৬০২ জন এবং শিশু ৪৩৩ জন। বছরের প্রথম কয়েক মাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও জুন থেকে সংক্রমণ বাড়তে শুরু করে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা সবচেয়ে জরুরি। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অবশ্যই মশারির ভেতরে রাখতে হবে, যাতে সংক্রমণ আরও ছড়িয়ে না পড়ে।