উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে জনসচেতনতা তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান-২০২৬’ পেয়েছেন গাজী টেলিভিশনের (জিটিভি) বার্তা সম্পাদক মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল)। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. কামরুল আহসান। অনুষ্ঠানে পরিবেশ সচেতনতায় অবদানের জন্য সাতটি প্রতিষ্ঠান ও বিশিষ্ট নাগরিককে এ সম্মাননা দেওয়া হয়।
মাহমুদ সোহেল বর্তমানে জিটিভির বার্তা সম্পাদকের পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক এবং ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রায় ২৩ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ে মাঠপর্যায়ে সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ প্রতিবেদন করে সুনাম অর্জন করেছেন।