উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন। বুধবার (২ সেপ্টেম্বর) সংসদের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এই দাবি জানান। প্রাচীন ও ঐতিহ্যবাহী এই জেলাকে বিভাগ করার পাশাপাশি নোয়াখালীতে সমুদ্রবন্দর, বিমানবন্দর এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও তোলেন তিনি।
বক্তব্যে ব্যারিস্টার খোকন বলেন, নোয়াখালীর মানুষ অত্যন্ত পরিশ্রমী ও ধৈর্যশীল। দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত ও ব্যবসা-বাণিজ্যে তাদের বড় অবদান রয়েছে। দেশের সব জেলার পাশাপাশি বিদেশেও প্রায় ৭০ থেকে ৮০ লাখ নোয়াখালীর মানুষ রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, নোয়াখালীর আয়তন বড় হওয়ায় এখান থেকে প্রয়োজনে আরও দুই-তিনটি জেলা করা সম্ভব।
তার বক্তব্যের শেষ পর্যায়ে স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রসিকতা করে বলেন, “আপনি বলেছেন বাংলাদেশের সব জায়গায় আছে। নোয়াখালী নাই কোথায়? কথায় কথায় বলে যে চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়। অতএব সব জায়গায় আছে।” এরপর তিনি ধন্যবাদ জানিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান।