উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে থাকাকালীন বিভিন্ন অনিয়মের অভিযোগে বুধবার দুদকের অনুসন্ধান শুরুর কথা জানালে, তিনি এই মানহানিকর বক্তব্যের জন্য ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, অভিযোগের সাথে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি সাফ জানান, ২৪ ঘণ্টার মধ্যে দুদক তাদের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাইলে তিনি আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করতে বাধ্য হবেন।
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল এবং ১৮২ জনের পদোন্নতি সম্পূর্ণ প্রশাসনিক নিয়ম মেনে হয়েছে। এসব প্রক্রিয়ায় তাঁর ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা ছিল না এবং নথিপত্রেও তাঁর স্বাক্ষর নেই বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, পদোন্নতির পুরো বিষয়টি পিএসসির সুপারিশ অনুযায়ী হয়েছে, যা দুদক ভুলভাবে উপস্থাপন করেছে। প্রশাসনিক প্রক্রিয়ার সত্যতা যাচাইয়ের জন্য সব ধরণের নথিপত্র দিতে তিনি প্রস্তুত রয়েছেন এবং দুদকের দায়িত্বশীল কর্মকর্তার বিভ্রান্তিকর মন্তব্যের তীব্র সমালোচনা করেন।