উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুর্নীতির অভিযোগের প্রতিবাদ জানিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।
আসিফ মাহমুদ বলেন, আমার যে মানহানি করা হয়েছে, তার জন্য ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে এবং তাদের বরাতে প্রকাশিত খবর প্রত্যাহার করতে হবে। অন্যথায় তিনি আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করতে বাধ্য হবেন বলে জানান।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ দাবি করেন, ৩৮ কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিলের সিদ্ধান্তটি আদালতের রায় বাস্তবায়নের অংশ ছিল। এছাড়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে ১৮২ কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে, যেখানে দুর্নীতির কোনো সুযোগ ছিল না।
সাবেক এই উপদেষ্টা আরও বলেন, এই দুটি প্রক্রিয়ার কোনোটিতেই তিনি ব্যক্তিগতভাবে সম্পৃক্ত ছিলেন না, কারণ উপজেলা বা জেলা পর্যায়ের পদায়ন বা পদোন্নতির ক্ষেত্রে মন্ত্রীর অনুমোদনের প্রয়োজন হয় না। বাস্তবতা উদঘাটনের স্বার্থে যেকোনো তথ্য বা নথি সরবরাহ করতে তিনি প্রস্তুত আছেন বলে জানান।