উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত সোয়া নয়টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাঁর স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসও সঙ্গে ছিলেন।
মির্জা আব্বাসের দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দরে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হয়ে তাঁকে স্বাগত জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মেডিক্যাল বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরই তিনি দেশে ফিরেছেন। দীর্ঘ চিকিৎসায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও আপাতত তাঁকে নিয়মিত থেরাপি নিতে হবে।
উল্লেখ্য, গত ১১ মার্চ নিজ বাসায় জ্ঞান হারানোর পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং পরবর্তীতে ১৪ এপ্রিল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে তাঁর পুনর্বাসন চিকিৎসা চলে।