উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বুধবার জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, সদস্যসংখ্যার অনুপাতে কমিটির সভাপতি পদের ২৬ শতাংশ বিরোধী দলের পাওয়ার কথা, যা নিয়ে আগে সমঝোতাও হয়েছিল।
তাহের অভিযোগ করেন, সরকারি দল সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে নিজেদের সিদ্ধান্ত একতরফাভাবে চাপিয়ে দিচ্ছে। তিনি বলেন, সরকারি দল আগে ১০টি সভাপতি পদ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন তা থেকে সরে এসেছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অগণতান্ত্রিক।
সংসদ পরিচালনায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাহের। তিনি বলেন, বিরোধী দলের যেকোনো বক্তব্যের জবাব সংশ্লিষ্ট মন্ত্রীরা না দিলেও স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দাঁড়িয়ে উত্তর দিচ্ছেন, যা তিনি স্পিকারের দৃষ্টিতে আনার অনুরোধ জানান।
সরকারি দলের আচরণে তীব্র অসন্তোষ প্রকাশ করে তাহের বলেন, বিরোধী দলকে ললিপপ দেখিয়ে প্রলুব্ধ করার সুযোগ নেই। তিনি সতর্ক করে বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্যায় প্রতিষ্ঠা করা হলে দেশে নতুন করে বৈষম্যবিরোধী পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যা কাম্য নয়।