উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার (ডিইও) কার্যালয়ে আসবাবপত্র, কম্পিউটার ও স্টেশনারি সামগ্রী ক্রয়ের নামে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বাস্তবে কোনো পণ্য সরবরাহ না করেই ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি এই অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।
নথিপত্র অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তিনটি প্যাকেজে ২০ লাখ ৯৪ হাজার ৮৯৩ টাকা ব্যয়ের প্রাক্কলন তৈরি করা হয়। এর মধ্যে আসবাবপত্র, কম্পিউটার ও স্টেশনারি সামগ্রী কেনা দেখানো হলেও বাস্তবে এসব পণ্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট দপ্তরের একাধিক কর্মকর্তা-কর্মচারী।
বাজারদরের তুলনায় অস্বাভাবিক বেশি মূল্যে এসব পণ্য কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে। উদাহরণস্বরূপ, প্রতিটি সেক্রেটারিয়েট টেবিলের মূল্য ৯৭ হাজার ৫০০ টাকা এবং প্রতিটি কম্পিউটার সেটের মূল্য ১ লাখ ১৯ হাজার ৩৫২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে, পাহাড়তলী, চট্টগ্রামের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, নিয়ম মেনেই কম্পিউটার, আসবাবপত্র ও স্টেশনারি সামগ্রী কেনা হয়েছে।
দুর্নীতি দমন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্টক রেজিস্টার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে এটি সরকারি ক্রয় ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর বড় ধরনের আঘাত হিসেবে বিবেচিত হবে।