উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীসহ সারাদেশে ক্রমবর্ধমান ছিনতাই, চুরি, ডাকাতি ও চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলের দুই সংসদ সদস্য। বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তারা পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথ বিশেষ অভিযানের দাবি জানান।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী বলেন, পুলিশের নিষ্ক্রিয়তা ও অক্ষমতার কারণে জনমনে আতঙ্ক বাড়ছে। তিনি সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুসহ সাম্প্রতিক বেশ কিছু ছিনতাই ও হত্যাকাণ্ডের উদাহরণ টেনে অপরাধ দমনে অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযানের আহ্বান জানান।
সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিকুন্নাহার রাজধানীর ফুটপাত দখল ও সংঘবদ্ধ চাঁদাবাজির বিষয়টি সংসদে তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে একটি প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি চক্র গড়ে উঠেছে, যা বর্তমানে এক ধরনের সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে।
সাবিকুন্নাহার আরও বলেন, ফুটপাত দখলের ফলে পথচারীরা বাধ্য হয়ে সড়কে হাঁটছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপ কামনা করেন।