উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর জিগাতলার সাত মসজিদ রোডের হেরিটেজ ইন্টার কন্টিনেন্টাল রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে না পারায় রেস্তোরাঁটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে রেস্তোরাঁটির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ অনথন পাতি ও ক্র্যাব সস পাওয়া যায়। এছাড়াও আমদানিকারকের তথ্যহীন সয়া সস, চিকেন পাউডার ও কাশ্মিরি মরিচসহ বিভিন্ন বিদেশি পণ্য মজুত রাখা হয়েছিল।
রেস্তোরাঁ কর্তৃপক্ষ হালনাগাদ ট্রেড লাইসেন্স, নিবন্ধন সনদ এবং পানি পরীক্ষার সনদ দেখাতে ব্যর্থ হয়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী দোষ স্বীকার করায় তাদের তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।