উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দ্বিতীয় যমুনা ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা চালানোর জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সেতু ভবনের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন এবং সার্ম অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইয়ুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। সমীক্ষা কাজে দেশি-বিদেশি কয়েকটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম যৌথভাবে কাজ করবে।
এই সমীক্ষার মাধ্যমে প্রস্তাবিত সেতু দুটির উপযুক্ত স্থান, অ্যালাইনমেন্ট এবং কারিগরি ও অর্থনৈতিক বিভিন্ন দিক যাচাই করা হবে। সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, ১২ মাসের মেয়াদে এই কাজ সম্পন্ন করার লক্ষ্য থাকলেও ৮ থেকে ৯ মাসের মধ্যে শেষ করার চেষ্টা থাকবে।
প্রস্তাবিত এই সেতু দুটি নির্মিত হলে দেশের উত্তর, দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। এছাড়া বিদ্যমান সড়কপথের ওপর চাপ কমার পাশাপাশি পণ্য ও যাত্রী পরিবহনে গতি আসবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।