উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুধবার বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়া চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
সাঈদ আল নোমান বলেন, মেধাবী, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন তরুণরাই একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে মূল ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের সাফল্যের নেপথ্যে থাকা অভিভাবক ও শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে তিনি তরুণদের সততা ও অধ্যবসায়ের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
নেতৃত্ব কোনো রাজকীয় পদ নয়, বরং এটি জনগণের সেবা করার দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং তরুণ প্রজন্মকে সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমুদ্দিন। বক্তারা ধনী-গরিব নির্বিশেষে সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।