উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি জরাজীর্ণ ঘরের ছাদ বিম থেকে এমদাদুল ইসলাম হাবিব (৩২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বাংলা পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নির্মাণাধীন ওই বাড়িতে হাবিব একাই থাকতেন। বাড়িটি দরজা-জানালাহীন হওয়ায় এবং সেখান থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
নিহত হাবিব ওই এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে এবং পেশায় বাসচালক ছিলেন। গত রোববার তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল, তাই ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগেই তার মৃত্যু হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।