উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সলিমপুরের আলীনগর ও ছিন্নমূল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসারের নেতৃত্বে এই অভিযানে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা অংশ নেন। অপরাধীদের সম্ভাব্য আস্তানা ও সন্দেহজনক স্থানগুলোতে ব্যাপক তল্লাশি চালানো হয়।
অভিযানের মূল লক্ষ্য ছিল এলাকাটিকে সন্ত্রাসমুক্ত রাখা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা। এ সময় স্থানীয়দের অপরাধীদের আশ্রয় না দেওয়ার সতর্কবার্তা দেওয়া হয় এবং তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, জঙ্গল সলিমপুর এলাকা থেকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে এ ধরনের কঠোর ও সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।