উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকার সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ২ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে রেস্তোরাঁটির রান্নাঘরে জীবিত ও মৃত তেলাপোকা এবং ছাড়পোকার বিচরণ দেখা যায়। এছাড়া মেয়াদোত্তীর্ণ মোরব্বা, পোড়াতেল, অননুমোদিত ঘি ও ক্ষতিকর কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। ফ্রিজারে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণসহ নানা অনিয়মের দায়ে মালিকপক্ষকে এই জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৮ ও ৩৩ ধারায় এই জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. ফারহান ইসলাম জানিয়েছেন, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।