উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পরিবেশ দূষণ রোধ ও তরুণ প্রজন্মকে প্রকৃতির কাছাকাছি ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বুধবার ২ সেপ্টেম্বর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই কর্মসূচির উদ্বোধন করেন, যার আওতায় শিক্ষার্থীরা ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ পাচ্ছে। উদ্বোধনী দিনে শতাধিক শিক্ষার্থী এই সুবিধা গ্রহণ করেছে এবং তাদের প্রত্যেককে উপহার হিসেবে একটি করে গাছের চারা দেওয়া হয়েছে।
প্রযুক্তি ও ভার্চুয়াল জগতের প্রতি তরুণদের অতিরিক্ত আসক্তি কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি বলেন, ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা এই সুবিধা পাবে এবং আপাতত এই কর্মসূচির কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। সংগৃহীত প্লাস্টিক বর্জ্যগুলো পরবর্তীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের সহায়তায় পুনর্ব্যবহারের পরিকল্পনা রয়েছে প্রশাসনের।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান ও সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোকেও তরুণদের জন্য এমন পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।