উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে ব্যান্ডউইডথ সংকট বা ইন্টারনেটের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। সম্প্রতি ইন্টারনেট নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদকে বিভ্রান্তিকর ও বাস্তবতা বিবর্জিত বলে দাবি করেছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি।
বিএসসিপিএলসি জানায়, বর্তমানে সিমিইউ চার ও পাঁচ নম্বর ক্যাবল ব্যবস্থার মাধ্যমে দেশে প্রায় ৭ হাজার ২০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সক্ষমতা রয়েছে। এর মধ্যে ৪ হাজার জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহ করা হচ্ছে এবং আরও ৩ হাজার ২০০ জিবিপিএস সক্ষমতা অব্যবহৃত রয়েছে।
২০২৭ সালে সিমিইউ ছয় নম্বর ক্যাবল ব্যবস্থা চালু হলে মোট সক্ষমতা ৪১ হাজার জিবিপিএসে পৌঁছাবে। বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০৩০ সালে দেশের মোট চাহিদা হবে ৩০ হাজার জিবিপিএস, যা বিদ্যমান সক্ষমতা দিয়েই পূরণ করা সম্ভব হবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, সমুদ্রতলদেশীয় ক্যাবলের পাশাপাশি ছয়টি আন্তর্জাতিক স্থলভিত্তিক অপারেটরের মাধ্যমেও ব্যান্ডউইডথ আমদানি করা হচ্ছে। এছাড়া চতুর্থ সমুদ্রতলদেশীয় ক্যাবলে যুক্ত হওয়ার কার্যক্রমও শুরু হয়েছে, তাই ভবিষ্যতে কোনো সংকট হওয়ার সম্ভাবনা নেই।