উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন সংসদ কক্ষে কথা বলা এবং মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় সংসদ সদস্য নিপুন রায় চৌধুরীকে কথা বলতে দেখে স্পিকার তাকে লবিতে গিয়ে আলোচনার পরামর্শ দেন।
এদিন মনোযোগ আকর্ষণের জন্য মোট ৬১টি নোটিশ জমা পড়েছিল, যার মধ্যে তিনটি গৃহীত হয়। বাকি নোটিশদাতাদের দুই মিনিট করে আলোচনার সুযোগ দেওয়া হয়। এ সময় শওকত আরা আক্তারের বক্তব্য শেষ হওয়ার পর নিপুন রায় চৌধুরীকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, আপনার বক্তব্য শেষ হয়নি, কাছেই লবি আছে সেখানে গিয়ে শেষ করে আসুন।
সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার আরও বলেন, এখানে অনুগ্রহ করে কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না। এর আগে গত ১৫ এপ্রিল চিফ হুইপ নূরুল ইসলামও সংসদ কক্ষে মোবাইল ফোনে কথা না বলা এবং ছবি না তোলার বিষয়ে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।