উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম বন্দরের মূল নেভিগেশনাল চ্যানেল ও বহির্নোঙর এলাকায় জাহাজ চলাচলের পথে মাছ ধরার জাল না বসানোর জন্য স্থানীয় জেলে ও নৌযানচালকদের প্রতি আহ্বান জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নেভিগেশনাল ঝুঁকি এড়াতে বেহুন্দি জালসহ সব ধরনের অবৈধ জাল দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বন্দরের এই গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে চট্টগ্রাম বন্দরের কাণ্ডারী-১২, কোস্টগার্ডের জাহাজ ও বোটসহ স্থানীয় নৌযান অংশ নেয়। এ সময় জেলেদের মধ্যে নিরাপদ নেভিগেশন-সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
বন্দরের পক্ষ থেকে জানানো হয়, সামুদ্রিক বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। ভবিষ্যতে নৌচলাচলের পথে জাল না বসাতে জেলেদের সতর্ক করা হয়েছে এবং বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
নিরাপদ নেভিগেশন নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্দরের চ্যানেলগুলো সচল ও ঝুঁকিমুক্ত রাখতে স্থানীয় জেলেদের সহযোগিতায় এই ধরনের নজরদারি ও সচেতনতামূলক পদক্ষেপ ভবিষ্যতেও চলমান থাকবে।