উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গণমাধ্যম বর্তমানে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। বুধবার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও দাবি করেন, সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বাক্স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না।
বিভিন্ন গণমাধ্যম থেকে সংবাদ সরিয়ে ফেলা এবং সাইবার হামলার বিষয়ে সংসদ সদস্যের উদ্বেগের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, কোনো সংবাদ পরিবেশন করার পর তা ভুল মনে হলে গণমাধ্যম নিজেরাই তা সরিয়ে নিতে পারে। এতে সরকারের কোনো নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ নেই। তিনি আরও যোগ করেন, সংবাদমাধ্যম কোন নিউজ প্রকাশ করবে বা করবে না, তা সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়।
সাংবাদিকদের রাজনৈতিক আদর্শের বিষয়ে সুলতানা জেসমিনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের নিজস্ব রাজনৈতিক দর্শন থাকতে পারে, তবে পেশাগত ক্ষেত্রে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও মিথ্যা সংবাদ রোধে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৫২তম। এছাড়া বর্তমানে দেশে অনুমোদিত ৫৬টি বেসরকারি টেলিভিশনের মধ্যে ৩৯টি এবং ২৮টি এফএম রেডিওর মধ্যে ২১টি সম্প্রচারে রয়েছে। দেশে নিবন্ধিত পত্রপত্রিকার সংখ্যা ৩ হাজার ৩৯৩টি।