উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত তারকা চিহ্নিত আটটি প্রশ্নের সব কটিই সরকারি দলের সংসদ সদস্যদের হওয়ায় আপত্তি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার সংসদে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে তিনি বিষয়টি উত্থাপন করেন।
নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য নির্ধারিত প্রথম ৩০ মিনিটে আটটি প্রশ্ন ছিল, যার সবকটিই সরকারি দলের। বিরোধী দলের সদস্যরাও নিয়মিত প্রশ্ন জমা দেন উল্লেখ করে তিনি বলেন, তাঁদের প্রশ্ন করার সুযোগ বাড়ানো হলে সরকারের জবাবদিহির সংস্কৃতি আরও শক্তিশালী হবে।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে। এ সময় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের জন্য আলাদা কোনো পদ্ধতি নেই। নিয়ম অনুযায়ী যে প্রশ্ন আগে জমা পড়ে, সেটিই আগে সুযোগ পায়।
স্পিকার আরও বলেন, দীর্ঘদিন ধরেই প্রশ্ন গ্রহণের ক্ষেত্রে ‘আগে এলে আগে পাবেন’ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। তিনি বিরোধী দলের সদস্যদেরও আগে প্রশ্ন জমা দেওয়ার চেষ্টা করার পরামর্শ দেন। তবে বিরোধী দলের প্রশ্ন করার সুযোগের বিষয়টি তিনি বিবেচনার আশ্বাস দেন।