উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে শ্রম অধিকার, শিল্পখাতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তরে আইএলও, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত জাবীন খান এই সৌজন্য সাক্ষাৎ করেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গাজী জসীম উদ্দিনের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। এতে দৈনন্দিন কার্যক্রম, শ্রমিক ও শিল্পখাতের সুরক্ষা, শ্রম বিরোধ প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে পুলিশের ভূমিকা তুলে ধরা হয়। অন্যদিকে আইএলওর শ্রম অধিকার, সামাজিক সংলাপ, কর্মক্ষেত্রে ন্যায়সংগত পরিবেশ এবং শোভন কর্মসংস্থানের লক্ষ্যের সঙ্গে পুলিশের কার্যক্রমের পারস্পরিক মিল নিয়ে আলোচনা করা হয়।
উভয় পক্ষ শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে কার্যকর সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও সমন্বয় জোরদার করার বিষয়ে তারা একমত পোষণ করেন। পারস্পরিক বোঝাপড়া ও ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি তৈরিতে এই আলোচনাকে একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখা হচ্ছে।
আইএলও এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শ্রম অধিকার ও শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রাখতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে। এই গুরুত্বপূর্ণ সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন, ডিআইজি হারুন-উর-রশিদ হাযারী, ডিআইজি (ইন্টেলিজেন্স) রেজাউল হক এবং অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসিবুল আলম উপস্থিত ছিলেন।