উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভোদয়। রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে প্রতীকী মূল্যে বই বিক্রি ও গাছ উপহারের এই অভিনব আয়োজন করা হয়।
আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এই কর্মসূচি শুরু হয়। এতে শিক্ষামূলক, প্রেরণামূলক ও ইতিহাসভিত্তিক বিভিন্ন বই মাত্র ৪৮ টাকায় বিক্রি করা হয় এবং প্রতিটি বইয়ের সঙ্গে পাঠকদের একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।
আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা বাড়ানো এবং ইতিহাসের সঠিক তথ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এলাকায় শিক্ষার্থী ও তরুণ পাঠকদের বেশ উপস্থিতি লক্ষ করা যায়।
শুভোদয়ের প্রধান সমন্বয়ক জাহিদ হাসান শাকিল বলেন, প্রথাগত রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে তরুণ প্রজন্মের মেধা ও মননের বিকাশে কিছু করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে ৪৮ টাকায় যুবসমাজের উপযোগী বই বিতরণের পাশাপাশি পরিবেশের কথা বিবেচনা করে গাছও উপহার দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তরুণদের মধ্যে ইতিহাসের সঠিক তথ্য জানা ও বই পড়ার অভ্যাস তৈরি করা জরুরি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমরা আনন্দিত এবং ভবিষ্যতেও শুভোদয় এ ধরনের সমাজগঠনমূলক কার্যক্রম চালিয়ে যাবে।
উল্লেখ্য, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল মঙ্গলবার। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা পার্কে দলটি প্রতিষ্ঠা করেছিলেন।