উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী জাহাজ ও কন্টেইনারগুলো চলাচলের ক্ষেত্রে দ্রুত ও অগ্রাধিকারমূলক ব্যবস্থা নিতে ইরানকে অনুরোধ করেছে ঢাকা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। এ সময় রাষ্ট্রদূতের কাছে এই বিশেষ অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, হরমুজ প্রণালি খোলা রাখাটা কেবল একটি পক্ষের ওপর নির্ভর করে না এবং এর সঙ্গে নানা জটিল বিষয় জড়িত রয়েছে। উত্তেজনা প্রশমনের একটি যথাযথ কাঠামোর আওতায় কূটনৈতিক আলোচনার মাধ্যমে এসব সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। আটকে পড়া বাংলাদেশি জাহাজ ও জ্বালানিবাহী নৌযানগুলোর বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও সংঘাতের বিষয়ে অত্যন্ত ভালো ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান হুমায়ুন কবির। মধ্যপ্রাচ্যে প্রায় ৮০ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের নিরাপত্তা ও কল্যাণ সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব পক্ষকে সংলাপে বসা এবং কূটনৈতিক উপায়ে এই সংঘাতের একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন বা আক্রমণকে বাংলাদেশ সমর্থন করে না বলে স্পষ্ট জানিয়ে দেন প্রতিমন্ত্রী। হুথিদের সৃষ্ট নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি আরবকে সহায়তার লক্ষ্যে দীর্ঘদিনের সামুদ্রিক সহযোগিতার বিষয়টিও বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ইরান স্পষ্টভাবে বোঝে বলে সংবাদমাধ্যমকে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।