উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৭ শিক্ষাবর্ষে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে মোট ৭৩৯ কোটি ১৩ লাখ ২৩ হাজার ১৩৯ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে অষ্টম শ্রেণির বইয়ের জন্য ২৪৪ কোটি ২১ লাখ ৫৭ হাজার ৭৫৯ টাকা এবং নবম শ্রেণির বইয়ের জন্য ৪৯৪ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ৩৮০ টাকা ব্যয় হবে। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে এই প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে অষ্টম শ্রেণির মাধ্যমিকের বাংলা ও ইংরেজি সংস্করণ, দাখিল ও কারিগরি স্তরের বই মুদ্রণ ও সরবরাহের দর প্রস্তাব অনুমোদন করা হয়। ১০০টি দরপত্রের মাধ্যমে ৩ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৫১৫টি পাঠ্যপুস্তক মুদ্রণের উদ্যোগ নেওয়া হলেও সব প্রক্রিয়া শেষে ৯৮টি লটের বিপরীতে বই কেনার সুপারিশ করা হয়। এতে প্রতি পাঠ্যপুস্তক মুদ্রণ, কাগজসহ বাঁধাই ও সরবরাহে গড়ে ব্যয় হবে ৬৩ টাকা ১৭ পয়সা এবং দুটি লটের জন্য পুনঃদরপত্র আহ্বানের সুপারিশ করা হয়।
অন্যদিকে, একই বৈঠকে ২০২৭ শিক্ষাবর্ষের নবম শ্রেণির মাধ্যমিকের বাংলা ও ইংরেজি সংস্করণ, দাখিল ও কারিগরি স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের ক্রয় প্রস্তাবও অনুমোদিত হয়। ২১৫টি দরপত্রের বিপরীতে ৫ কোটি ২০ লাখ ৫০ হাজার ৪৪৬ কপি পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য ১৩০টি প্রতিষ্ঠানকে সুপারিশ করা হয়েছে। শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে সরকারের পরিকল্পনা অনুযায়ী এসব বই মুদ্রণ ও সরবরাহ করা হবে।