উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যাত্রা করতে যাওয়া বাংলাদেশের এ বছরের চেভেনিং ও কমনওয়েলথ স্কলারদের সম্মানে বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাজ্যগামী স্কলাররা, প্রাক্তন শিক্ষার্থী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্কলারস অ্যান্ড ফেলোসের সদস্য, চেভেনিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিসহ যুক্তরাজ্যের বৃত্তি কর্মসূচির অংশীদাররা। অনুষ্ঠানে স্কলাররা যুক্তরাজ্যে যাত্রার আগে সাবেক স্কলার ও সহপাঠীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত চেভেনিং ও কমনওয়েলথ বৃত্তির মাধ্যমে তারা বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করবেন এবং ভবিষ্যতের নেতৃত্ব, উদ্ভাবন ও পরিবর্তনের বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হবেন। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশের চেভেনিং ও কমনওয়েলথ স্কলারদের অভিনন্দন, যারা যুক্তরাজ্যে একটি নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে যাচ্ছেন। এসব বৃত্তি যুক্তরাজ্য ও বাংলাদেশের শক্তিশালী অংশীদারিত্ব এবং শিক্ষা, নেতৃত্ব ও সুযোগ তৈরিতে আমাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন।
ব্রিটিশ হাইকমিশন জানায়, এ বছর বাংলাদেশে চেভেনিং বৃত্তি কর্মসূচিতে একটি নতুন মাইলফলক যুক্ত হয়েছে। এইসএসবিসি প্রথমবারের মতো চেভেনিংয়ের অংশীদার হিসেবে যুক্ত হয়েছে এবং একজন বাংলাদেশি চেভেনিং স্কলারের পৃষ্ঠপোষকতা করছে। চেভেনিং ও কমনওয়েলথ স্কলারশিপ কর্মসূচি দীর্ঘদিন ধরে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সম্ভাবনাময় তরুণ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।