উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খুলনা বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে পাঁচটি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের পূর্ত কাজের জন্য ১৩৪ কোটি ৬৫ লাখ ৮৮ হাজার ২৩৩ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় এসব কাজ করা হবে।
প্রকল্পে সরকারি অর্থ, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় নির্বাহ করা হবে। পাঁচটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের পূর্ত কাজের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে চারটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে এবং সবগুলো দরপ্রস্তাবই কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান টিএস ট্রান্সফরমার্স লিমিটেড ও ফুজিয়ান ইয়ংফু পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানির যৌথ উদ্যোগের কাছ থেকে কাজটি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়।
এই প্যাকেজের আওতায় পাঁচটি ৩৩/১১ কেভি ক্ষমতার বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হবে এবং প্রতিটি উপকেন্দ্রের ক্ষমতা হবে ১×১০/১৪ এমভিএ। ভূমি উন্নয়নসহ নকশা প্রণয়ন, সরবরাহ, স্থাপন, পরীক্ষা ও চালুকরণের মাধ্যমে পুরো কাজ সম্পন্ন করা হবে। উল্লেখ্য, প্রকল্পটি ২০২১ সালের ৪ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদিত হয় এবং এর বাস্তবায়নকাল ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।