উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্যাম্প ন্যুতে রায়ো ভায়েকানোকে ৫-২ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ের রাতে জোড়া গোল করে বড় এক মাইলফলক স্পর্শ করেছেন লামিনে ইয়ামাল। একই সঙ্গে ভেঙেছেন বার্সেলোনার ৯১ বছর ধরে টিকে থাকা একটি ঐতিহাসিক রেকর্ড। ম্যাচের শুরুতেই সের্হিও কামেলোর গোলে পিছিয়ে পড়লেও হান্সি ফ্লিকের দল দ্রুতই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়।
১৯ বছর ৪৯ দিন বয়সে স্পেনের পেশাদার ফুটবলের ইতিহাসে অফিশিয়াল ক্লাব প্রতিযোগিতায় সবচেয়ে কম বয়সে ৫০ গোল করার কীর্তি গড়েছেন ইয়ামাল। ১৯৩৫ সালের ২০ অক্টোবর ২০ বছর ৩৫৬ দিন বয়সে নিজের ৫০তম গোল করে এত দিন এই রেকর্ড ধরে রেখেছিলেন প্রয়াত সাবেক ফরোয়ার্ড জোসেফ এসকোলা। প্রায় ৯১ বছর পর সেই রেকর্ড নিজের করে নিলেন এই তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড। এই রেকর্ড গড়ার পথে ইয়ামাল পেছনে ফেলেছেন রাউল গঞ্জালেস ও ফার্নান্দো তোরেসকে।
বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ১৫৪ ম্যাচে ৫১ গোল করেছেন ইয়ামাল যার মধ্যে ১২৬ ম্যাচে তিনি ছিলেন শুরুর একাদশে। সতীর্থদের দিয়ে ৪৫ গোল করানোর পাশাপাশি গোল ও গোলে সহায়তা মিলিয়ে মোট ৯৬ গোলে সরাসরি অবদান রয়েছে তাঁর। বার্সার হয়ে ৫০ গোলের মাইলফলকে পৌঁছাতে লিওনেল মেসির সময় লেগেছিল ২১ বছর ১২০ দিন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সব প্রতিযোগিতা মিলিয়ে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডকেও বয়সের দিক থেকে ছাড়িয়ে গেছেন ইয়ামাল।
রায়ো ভায়েকানোর বিপক্ষে বিরতির পর আরও একবার করে জালের দেখা পান ইয়ামাল ও রাফিনিয়া। রায়োর ফ্লোরিয়ান লেজেউনের আত্মঘাতী গোলেও ব্যবধান বাড়ায় বার্সেলোনা এবং কামেলো নিজের দ্বিতীয় গোল করলেও হার এড়াতে পারেনি রায়ো। এই তিন ম্যাচে ১২ গোল করে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার পথে এগিয়েছে হান্সি ফ্লিকের দল।