উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) জন্য ১১তলা নতুন সদর দপ্তর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৭১ কোটি ৯০ লাখ ৭ হাজার ৭৬৪ টাকা। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে ‘র্যাব ফোর্সেস সদরদপ্তর নির্মাণ’ প্রকল্পের আওতায় এই ভবন নির্মিত হবে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর এবং সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেড কাজটি পেয়েছে। প্রকল্পের বাস্তবায়নকাল ২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ১৫ তলা ভিত্তির ওপর নির্মিতব্য এই ভবনে মহাপরিচালকের কার্যালয়, তিনটি ভূগর্ভস্থ তলা এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা থাকবে।
এছাড়া প্রকল্পের আওতায় তিনতলা ম্যাগাজিন ও কোট ভবন, উপকেন্দ্র, গুদাম, পাম্প ও জলাধার নির্মিত হবে। পাশাপাশি অভ্যন্তরীণ সড়ক, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ বিভিন্ন আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে। সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের মাধ্যমে র্যাবের সদর দপ্তরের জন্য প্রয়োজনীয় আধুনিক ও সমন্বিত অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা হবে।