উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ভালো কাজের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, এতে কর্মকর্তা-কর্মচারীদের কাজের প্রতি উৎসাহ ও দায়িত্ববোধ আরও বহুগুণ বেড়ে যাবে। বুধবার সকাল ১০টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
অনুষ্ঠানে সারা দেশে অপারেশনাল কাজে বিশেষ সাহসিকতা প্রদর্শনকারী বাছাই করা ৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে মহাপরিচালকের প্রশংসা প্রদান করা হয়। এছাড়া অপারেশনাল ও প্রশাসনিক কাজের নির্ধারিত বিভিন্ন মানদণ্ডে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ২৮টি শ্রেষ্ঠ ফায়ার স্টেশনের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন ওয়্যারহাউজ ইন্সপেক্টরকে অনুষ্ঠানে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন মহাপরিচালক।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিভাগে কমিটি গঠনের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রেষ্ঠ ফায়ার স্টেশনগুলো বাছাই করা হয়েছে। ব্যবহারিক দক্ষতা, স্টেশনের শৃঙ্খলা, নথিপত্র সংরক্ষণ এবং পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সুনির্দিষ্ট মানদণ্ড বিবেচনা করে এই মূল্যায়ন সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ অধিদপ্তর ও বিভিন্ন বিভাগের উপ-পরিচালক এবং ঢাকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যের পর নির্বাচিতদের হাতে ইনসিগনিয়া, সনদপত্র, অর্থ সম্মাননা এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়।